
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশ বিশেষ অভিযানে আন্তঃজেলা অটোরিক্সা ও মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় চোরাইকৃত ২টি অটোরিক্সা, একটি অটোরিক্সার কাটা অংশ, একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল এবং ৫টি অটোরিক্সার ব্যাটারি উদ্ধার করা হয়।
রোববার (০৩ মে ২০২৬) বিকাল প্রায় ৫টার দিকে থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই আরিফ হোসাইন ও এএসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঘুঘুশাল এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে নতুন বাড়ি এলাকার মৃত আব্দুল মান্নানের ঘরের উত্তর পাশের খালি জায়গা থেকে মোঃ ইউসুফ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার হেফাজত থেকে উল্লেখিত চোরাই মালামাল উদ্ধার করা হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাহাপুর এলাকার বাগানবাড়ী ব্রিজ এলাকা থেকে একই চক্রের আরও ৩ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং আরও চোরাই মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
Reporter Name 


















