
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় সড়কে আবারও ঝরল একটি তাজা প্রাণ। আজিমনগর–কালামৃধা আঞ্চলিক সড়কের আজিমনগর বাজার এলাকায় দুই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম ফকির (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
গত ২ মে রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় শাহ আলম কে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ৫ মে সকালে তার মৃত্যু হয়।
নিহত শাহ আলম আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রামের বাসিন্দা এবং মৃত রব ফকিরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, “রাতে বাড়ি ফেরার পথে হঠাৎ দুই অটোভ্যানের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।”
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অবহেলা আর অসতর্কতায় সড়কে প্রতিদিনই নিভে যাচ্ছে কারো না কারো জীবনের প্রদীপ। একটি মুহূর্তের অসাবধানতা কেড়ে নিলো আরেকটি পরিবারের স্বপ্ন—ফেলে গেল অশ্রু আর শোকের দীর্ঘ মিছিল।
Reporter Name 


















