
মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভ্রাম্যমান আদালতের কঠোর অভিযানে একাধিক অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) নোয়াপাড়া, মালিগ্রাম বাজার ও কাউলিবেড়া এলাকায় পরিচালিত অভিযানে হাজী ইরফান উদ্দীন পেট্রোল পাম্পে জ্বালানি তেল কম মাপ দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ম্যানেজারকে সতর্ক করা হয়।
এছাড়া ভেকু মেশিন দিয়ে সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. শফিকুল ইসলাম (৩৯)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ক্ষতিগ্রস্ত জমি ভরাটের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে মালিগ্রাম বাজার ও কাউলিবেড়া এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ভবিষ্যতে পুনরায় দখল না করার জন্য মুচলেকা নেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সদরুল আলম সিয়াম। ভাঙ্গা থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।
তিনি জানান, জনস্বার্থে সরকারি সম্পদ রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
Reporter Name 


















