
অসিত চক্রবর্তী : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৩০ নং ওয়ার্ডের সচিব মো: শওকত বাসারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।
আজ ৫ মে ২০২৬, আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিস সময়ে সচিবের নির্ধারিত আসনটি খালি। তবে তার আসনের পাশেই এক নারীকে বসে থাকতে দেখা যায়, যাকে স্থানীয়রা তার স্ত্রী বলে পরিচয় দেন।
এ বিষয়ে অফিসের দারোয়ানের কাছে জানতে চাইলে সচিব ছুটিতে আছেন কিনা—এমন প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। পরে উক্ত নারীর কাছে জানতে চাইলে তিনি নিজেকে সচিবের স্ত্রী পরিচয় দিয়ে বলেন, “তিনি অসুস্থ, আমি ছুটির আবেদন নিতে এসেছি।”
অন্যদিকে, কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, উক্ত সচিব নিয়মিত অফিসে অনুপস্থিত থাকেন এবং তার পরিবর্তে অন্যকে দিয়ে দায়িত্ব পালন করানোর অভিযোগ রয়েছে। এছাড়া টাকার বিনিময়ে বিভিন্ন সনদপত্র প্রদান ও প্রশাসনিক দপ্তরের স্বাক্ষর জাল করার অভিযোগও তুলেছেন তারা।
অভিযুক্ত মো: শওকত বাসারের সাথে হোয়াটসঅ্যাপে প্রাথমিকভাবে সংক্ষিপ্ত সময়ের জন্য কথা হলে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি নেটওয়ার্ক সমস্যার কথা বলে কলটি কেটে দেন এবং পরবর্তীতে যোগাযোগ করবেন বলে জানান।
পরবর্তীতে সন্ধ্যায় তাকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি এবং তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে কল দিলে একবার স্বল্প সময়ের (প্রায় ২০ সেকেন্ড) জন্য রিসিভ করে আবার কেটে দেওয়া হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।
Reporter Name 


















