
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: জনপ্রতিনিধি বা সরকারি বরাদ্দের অপেক্ষায় বসে না থেকে নিজ উদ্যোগে গ্রামীণ রাস্তা সংস্কারের কাজে এগিয়ে এসেছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ডিগ্রী গ্রামের সচেতন বাসিন্দারা। জকিগঞ্জ-শেওলা সড়কের ডিগ্রী ব্রিজ ও যাত্রী ছাউনির সামনের জনদুর্ভোগ লাঘবে স্থানীয়রা সম্মিলিতভাবে অর্থায়ন ও শ্রম দিয়ে এই রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ভয়াবহ তিনদফা বন্যার আঘাতে এলাকার রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে ডিগ্রী ব্রিজ ও যাত্রী ছাউনির সামনের সড়কটির অবস্থা নাজুক হয়ে পড়ায় চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহন চরম ভোগান্তিতে পড়ে। দীর্ঘসময় রাস্তাটি সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়েই এলাকাবাসীকে চলাচল করতে হচ্ছিল।
এই জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে গ্রামের তরুণ ও প্রবীণরা ঐক্যবদ্ধ হয়ে নিজেরা অর্থ সংগ্রহ শুরু করেন। এরপর সেই অর্থে ধাপে ধাপে রাস্তার ইট সলিংয়ের কাজ সম্পন্ন করেন তারা। গ্রামবাসীর দেওয়া তথ্য অনুযায়ী, এই সংস্কার কাজে এখন পর্যন্ত প্রায় ১ লক্ষ টাকা ব্যয় হয়েছে, যার পুরোটাই সংগৃহীত হয়েছে এলাকার মানুষের নিজস্ব তহবিল থেকে।
রাস্তা মেরামতের কাজে অংশগ্রহণকারী এলাকার বিশিষ্ট নাগরিক রুবেল আহমদের শিবলু জানান, বন্যার পর থেকে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। কর্তৃপক্ষের আশানুরূপ পদক্ষেপ না পাওয়ায় জনস্বার্থেই তারা নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করেছেন। তাদের এই উদ্যোগ এলাকায় প্রশংসিত হচ্ছে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, সরকারি উন্নয়নের পাশাপাশি গ্রামীণ অবকাঠামোর রক্ষাণাবেক্ষণে স্থানীয় জনগণের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুকরণীয় একটি দৃষ্টান্ত। তবে ভবিষ্যতে স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটির স্থায়ী সংস্কারে এগিয়ে আসবে বলে প্রত্যাশা করছেন গ্রামবাসী।
Reporter Name 


















