
হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার: নবগঠিত মোকামতলা উপজেলা ঘোষণার খবরে আনন্দ-উল্লাসে মেতে উঠেছে পুরো এলাকা। ব্যান্ড পার্টি, আতশবাজি, পটকা ফুটানো ও আনন্দমিছিলে মুখর হয়ে ওঠে মোকামতলা বন্দরসহ আশপাশের জনপদ। হাতে হাতে ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানানো নানা প্ল্যাকার্ড ও ব্যানার।
শুক্রবার (৮ মে) বিকেল ৫টায় মোকামতলা বন্দরে হাজার হাজার মানুষের অংশগ্রহণে এক বিশাল আনন্দমিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
দীর্ঘদিনের প্রত্যাশিত উপজেলা বাস্তবায়নের ঘোষণায় মানুষের চোখেমুখে ছিল উচ্ছ্বাস, আনন্দ আর স্বপ্নপূরণের অনুভূতি।
আনন্দমিছিল শেষে স্থানীয়রা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির ভূয়সী প্রশংসা করেন তারা।
বক্তারা বলেন, প্রতিমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা, নিরলস যোগাযোগ ও এলাকার উন্নয়নে অঙ্গীকারের ফলেই মোকামতলা উপজেলা বাস্তবায়নের পথ সুগম হয়েছে।
উপজেলা ঘোষণার খবরে দিনভর বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ, দোয়া মাহফিল ও স্বতঃস্ফূর্ত আনন্দমিছিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যা নামতেই আতশবাজি ও আলোকসজ্জায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।
এলাকাবাসীর আশা, মোকামতলাকে উপজেলা হিসেবে ঘোষণার মাধ্যমে প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
Reporter Name 


















