
জেলা প্রতিনিধি, তানজিল হোসেন- ভোলা ||ভোলার সদর থানাধীন পূর্ব ইলিশার গাজীপুর চর সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস দক্ষিণ জোন ভোলা। অদ্য শুক্রবার (১৫ মে) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, কুমিল্লা থেকে স্পিড বোটযোগে বিপুল পরিমাণ গাঁজা ভোলা সদরে পাচার করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে মেঘনা নদীর গাজীপুর চর সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি স্পিড বোটে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। এবং মাদক পরিবহনের সঙ্গে জড়িত মোঃ শরিফুল ইসলাম (২০) নামে এক ব্যক্তিকে আটক করেন। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার উজিরপুর পোস্ট অফিসাধীন রাজেন্দ্রপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ ফরিদ মিয়ার ছেলে।
উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেঃ রিয়াজ আহমেদ (এস), বিএন লজিস্টিক বলেন, দেশের নদীপথ ব্যবহার করে সংঘবদ্ধ মাদকচক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের অপচেষ্টা চালিয়ে আসছে। তবে কোস্ট গার্ড মাদক নির্মূলে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের মাদক পাচার রোধে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।
তিনি আরও জানান, মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।
Reporter Name 


















