
রানা খান, শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ত্রিমহনী ব্রীজের উপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে লামিয়া আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।
লামিয়া শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়াসাঙ্গুন গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।
সে গফরগাঁও উপজেলার পাগলা থানার ক্যাপ্টেন গিয়াসউদ্দিন কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে।
১৩ই আগষ্ট (বুধবার) সকাল আনুমানিক ৯.৫০ মিনিটের দিকে,সুতিয়া নদীর উপর ত্রিমহনী ব্রীজের উপর থেকে আত্মহত্যার উদ্দেশ্যে লাফ দিয়ে নিখোঁজ হয় লামিয়া।
লামিয়ার বাবা দেলোয়ার হোসেন বলেন,সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়,লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লামিয়ার জুতা দেখে নিশ্চিত হই। কি কারনে নদীতে ঝাঁপ দিয়েছে এখনো নিশ্চিত হতে পারিনি।
লামিয়ার বড়বোন আফ্রিন কান্না জড়িত কন্ঠে বলেন , আমার বোন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে, মোবাইল, পায়ের নুপুর,কানের দুল,গলার চেইন একটি ব্যাগে কিছু টাকা বিছানার উপর রেখে গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা হাবিবুল্লাহ বলেন, সকাল আনুমানিক ১০ টার কিছু সময় আগে আমি সুতিয়া নদীর তীরে, ব্রিজের নিচে বসে ছিলাম, হঠাৎ ব্রিজের উপর থেকে নদীতে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। সাথে সাথে তাকিয়ে দেখি একটি মেয়ের মাথা এবং হাত উপরে উঠছে। আমি সাথে সাথে উদ্ধার করার জন্য নদীতে ঝাঁপ দিয়ে সাঁতারে মাঝ নদীতে যাই, ততক্ষণে মেয়েটি আবার তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও আর মেয়েটিকে পাইনি।
মাওনা ফায়ার সার্ভিসের ষ্টেশন পরিদর্শনক মাহমুদুল হাসান বলেন,৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। টংগী থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালিয়েছে। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা যায়নি। সন্ধ্যা ৭টা সময় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। আগামীকাল সকালে আবার ও উদ্ধার কাজ শুরু হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, সেলোয়ার কামিজ পরিহিত একটি কলেজ পড়ুয়া মেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে। উদ্ধার কাজ চলছে।#
Reporter Name 























