
কে এম বেলাল
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা :
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনির ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাত আওয়ামী লীগ নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
রোববার (৩১ আগস্ট) জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান এ আদেশ দেন।
জেলহাজতে পাঠানো আসামিরা হলেন, লাভু মিয়া ওরফে মো. জাকির হোসেন লাভু, গোলাম মাওলা মিলন, মারজান আবদুল্লা আল মারজান, জাকারিয়া সুমন, মো. নিজাম, মো. নিজাম উদ্দিন তালুকদার, কিবরিয়া ও মো. খলিল। তারা পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর ঢাকা থেকে গাড়িবহর নিয়ে পাথরঘাটায় সভা করতে যাচ্ছিলেন নুরুল ইসলাম মনি। পথে বিকেল সাড়ে ৩টার দিকে রায়হানপুর ইউনিয়নের সিএন্ডবি বাজারে পৌঁছালে আওয়ামী লীগ নেতা শওকত হাচানুর রহমান রিমনের নেতৃত্বে ১০৫ জন নেতা-কর্মী ও অজ্ঞাত আরও ২০০ জন অতর্কিত হামলা চালায়। এতে মনি গুরুতর আহত হন, বিএনপির শতাধিক নেতা-কর্মী জখম হন এবং অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের (২০২৪ সালের) ৪ অক্টোবর সোলায়মান সাদিক নামে একজন বাদী হয়ে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের ১০৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন।
আসামীদের আইনজীবী মো. নাসির উদ্দিন সোহাগ জানান, তার মক্কেলরা উচ্চ আদালতে জামিনের আবেদন করবেন।
Reporter Name 
























