
বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক ব্যবসায়ীকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি, হুমকি, গাড়ি আটক ও ব্যবসা বন্ধের অপচেষ্টার অভিযোগ উঠেছে। চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
অভিযোগে জানা যায়, বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পরীরখাল গ্রামের নজরুল শিকদার, সোবাহান শিকদার ও খোকন শিকদার পরীরখাল বাজারের ইট, বালু, রড, সিমেন্ট, পেট্রোল, মবিল ও ডিজেল ব্যবসায়ী মেসার্স প্রিন্স এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ সাদ্দাম হোসেনের কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছে।
ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ সাদ্দাম হোসেন জানান, তিনি জাহাজযোগে বালু এনে নলীরধন নদীর পাড়ে সংরক্ষণ করেন এবং পরে টাফি ও টমটমের মাধ্যমে আমলকিতলা স্ট্যানে এনে বিক্রি করেন। এই ব্যবসাকে কেন্দ্র করে চাঁদাবাজরা প্রতি স্কয়ার ফুট বালুতে এক টাকা করে চাঁদা দাবি করে আসছে।
তিনি অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেয়, ব্যবসায়িক যানবাহন আটক করে রাখে এবং জোরপূর্বক ব্যবসা বন্ধের চেষ্টা চালায়।
গত ২৫ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) বালুসহ তার একটি গাড়ি জোরপূর্বক আটকে রাখা হয়। উপায়ান্তর না পেয়ে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা নিজেদের ক্ষমতা জাহির করে সরকারি রাস্তার মাঝখানে গাছ বসিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এতে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন এবং পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী ব্যবসায়ী বলেন,
“আমি বৈধভাবে ব্যবসা করি। চাঁদা না দেওয়ায় আমাকে জিম্মি করে রাখার চেষ্টা চলছে। প্রশাসনের কাছে আমার জোরালো দাবি—এই চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।”
তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে চাঁদাবাজি বন্ধ ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
Reporter Name 
























