
কে এম বেলাল পাথরঘাটা প্রতিনিধি (বরগুনা)
বঙ্গোপসাগরের ছখিনা উপকূলসংলগ্ন এলাকায় ‘এফবি মাওলা’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা সব জেলে নিরাপদে ফিরে এসেছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। বুধবার (২৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ডুবে যাওয়া ট্রলারটি বরগুনার পাথরঘাটা উপজেলার জসিম কোম্পানির মালিকানাধীন। দুর্ঘটনার সময় সাগরে তিন নম্বর সতর্ক সংকেত জারি থাকায় সাগর ছিল উত্তাল। এমন অবস্থায় মাছ ধরা শেষে ট্রলারটি ঘাটে ফেরার পথে ছখিনার বড়াইয়ার চর সংলগ্ন এলাকায় হঠাৎ চরে আটকে পড়ে এবং ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়।
তবে সৌভাগ্যবশত, ট্রলারে থাকা জেলেরা পাশে থাকা আরেকটি ট্রলারের সহায়তায় নিরাপদে ঘাটে ফিরে আসেন। ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
ঘটনার পরপরই মালিকপক্ষ ট্রলার ও এর মালামাল উদ্ধারে উদ্যোগ নেয়। তবে বৈরী আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। সাগর শান্ত হলে ট্রলারটি তোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ।
মালিকপক্ষের একজন সদস্য বলেন, “ঘাটে ফেরার পথে বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি চরে উঠে যায় এবং ডুবে যায়। তবে আল্লাহর রহমতে সব জেলে নিরাপদে ফিরে এসেছে।”
এদিকে, দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসন সতর্ক নজরদারি অব্যাহত রেখেছে।
Reporter Name 
























