
মিজান, বরগুনা জেলা প্রতিনিধি”‘
“দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন”—এই স্লোগানকে সামনে রেখে বরগুনায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট ২০২৫) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বরগুনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, দুদকের বরগুনা জেলা উপপরিচালক তানভীর আহম্মেদ, বরগুনা সরকারি কলেজের সাবেক প্রভাষক আব্দুস সালাম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমান, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. নিজাম উদ্দিন এবং সঞ্চালনা করেন জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রেজাউল ইসলাম টিটু।
প্রতিযোগিতায় বরগুনা সরকারি বালিকা বিদ্যালয় ও বরগুনা আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এর মধ্যে বরগুনা আদর্শ বালিকা বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন বরগুনা আদর্শ বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী মোসাঃ সানজিদা মিম।
শেষ পর্যায়ে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
Reporter Name 
























