
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
মহসিন হোসেন জয়:
পটুয়াখালী জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) জুলাই ২০২৫ নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের মাঠ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সকাল ৭টা ৩০ মিনিট থেকে জেলা পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপজোক ও প্রার্থীদের কাগজপত্র যাচাইয়ের মধ্য দিয়ে দিনব্যাপী এই কার্যক্রম শুরু হয়।
শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে পুলিশ সুপার জনাব আনোয়ার জাহিদ উপস্থিত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে ব্রিফিং দেন। তিনি বলেন, “বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে শুধুমাত্র যোগ্য, সৎ ও মেধাবী প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়া হবে শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। কোনো প্রকার দালাল বা প্রতারক চক্রের মাধ্যমে চাকরি পাওয়া সম্ভব নয় এবং এ ধরনের চক্র থেকে প্রার্থীদের সতর্ক থাকতে হবে।”
পুলিশ সুপার আরও জানান, এই নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের শারীরিক সক্ষমতা, কাগজপত্র যাচাই, লিখিত পরীক্ষা ও মৌখিক সাক্ষাৎকারসহ সব ধাপ সম্পূর্ণ ন্যায্যতার সঙ্গে সম্পন্ন করা হবে। তিনি চাকরি প্রত্যাশী ও তাদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন, “নিজেদের যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করুন, অন্য কোনো পথ অবলম্বন করবেন না।”
দিনব্যাপী এই কার্যক্রমে পটুয়াখালী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি, নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাঠ পর্যায়ের পুলিশ সদস্য এবং বিপুল সংখ্যক চাকরি প্রত্যাশী উপস্থিত ছিলেন। নিয়োগ কার্যক্রমের পুরো প্রক্রিয়া তদারকি করে পটুয়াখালী জেলা পুলিশ, যাতে কোনো অনিয়ম বা অনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ না থাকে তা নিশ্চিত করেছে।
পটুয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন দিনগুলোতে পর্যায়ক্রমে বাকি ধাপগুলোও একইভাবে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে এবং যোগ্য প্রার্থীরাই বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হওয়ার সুযোগ পাবেন।
Reporter Name 
























