
বরগুনা জেলা প্রতিনিধি”‘
বরগুনায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ ও একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকালে বরগুনা জেনারেল হাসপাতাল চত্বরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম. হারুন অর রশীদ রিংকু। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, বিএনপি নেতা নজরুল ইসলাম মোল্লা, সাবেক নেতা ফজলক হক মাস্টার, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মুশফিক আরিফ, বিএনপি নেতা মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট রেজবুল কবির, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন ও নারী নেত্রী আসমা আক্তার।
বক্তারা অভিযোগ করেন, সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও বিগত সময়ে দায়িত্বশীল জনপ্রতিনিধিরা হাসপাতালের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখেননি; বরং অনিয়ম-দুর্নীতির মাধ্যমে জনগণের স্বার্থ ক্ষুণ্ন করেছেন। তাদের দাবি, বরগুনায় যেসব উন্নয়ন হয়েছে তা নাগরিক আন্দোলনের ফলেই অর্জিত হয়েছে।
সমাবেশ থেকে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে জেলার সার্বিক উন্নয়নে কাজ করার ঘোষণা দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির। তিনি বলেন, “বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রায় ১২ লক্ষাধিক মানুষ চিকিৎসা নিয়ে থাকেন। অথচ এখানে নেই কোনো আইসিইউ সুবিধা। চিকিৎসক ও নার্সের চরম সংকট রয়েছে। এ জেলার মানুষ অবহেলিত। তাই একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এখন আমাদের প্রাণের দাবি।”
তিনি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে হাসপাতালের চিকিৎসক ও নার্স সংখ্যা বৃদ্ধির দাবি জানান।
Reporter Name 
























