
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে আখাউড়ায় মশাল মিছিল করা হয়েছে। বিএনপির মনোনয়ন বঞ্চিত কবীর আহমেদ ভূইয়ার সমর্থনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার নারায়নপুর বাইপাস এলাকায়
মিছিল করেন।
এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী মশাল হাতে মনোনয়ন পরিবর্তনের দাবীতে স্লোগান দেয়। কয়েকজন গায়ে সাদা কাপড় জড়িয়ে মিছিলে অংশ নেয়। মিছিল শেষে বাইপাস মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে।
উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি মোঃ বাহার মিয়া, পৌর বিএনপির সভাপতি মোঃ সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ আক্তার খান, উপজেলা যুবদলের সদস্য সচীব মহসীন ভূইয়া, ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানী, ছাত্রদলের সাবেক আহবায়ক ইমরান মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির ঘোষিত প্রাথমিক মনোনয়ন বাতিল করে দলের ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতা কবীর আহমেদ ভূইয়াকে মনোনয়ন দিতে হবে। দলের মূল নেতৃত্ব ও মাঠপর্যায়ের কর্মীদের দাবি উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।
নেতারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মনোনয়ন পরিবর্তন করা না হলে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি বিষয়টি পুনর্বিবেচনার দাবী জানান।
Reporter Name 























