
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামে লিভিয়া হয়ে ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা লেনদেনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যার দিকে লিয়াকত মাতুব্বর ও সাবেক মেম্বার জুলহাস মেম্বার ও জব্বার মাস্টার এর নেতৃত্বে দেশি অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজরাকান্দা গ্রামের নুরআলম দালাল শেখ (৩০), পিতা খবির শেখ, বিদেশে নেওয়ার কথা বলে এলাকার বহু মানুষের কাছ থেকে টাকা নেন। অভিযোগ রয়েছে, তিনি মজিবুর শিকদারের ছেলে সাকিবের কাছ থেকেও প্রায় ২৮ লাখ টাকা নিয়েছেন। বর্তমানে সাকিব লিভিয়ার একটি কারাগারে আটক রয়েছেন বলে তার পরিবার জানিয়েছে।স্থানীয় সূত্রে আরো জানা যায় , নুরআলম শেখ লিভিয়ায় মানুষ নিয়ে গিয়ে সেখানকার মাফিয়া চক্রের মাধ্যমে আটকিয়ে মুক্তিপণ আদায় করে থাকে। এ ধরনের ঘটনায় এলাকায় চলমান উত্তেজনার মাঝে সম্প্রতি স্থানীয় যুবক মামুনকে একা পেয়ে মারধর করা হয়। ঘটনাটি ঘটে মাজেদের দোকানের সামনে। স্থানীয়দের দাবি—এ হামলায় লিয়াকত মাতুব্বর ও তার সহযোগীরা অংশ নেন, এতে মামুন গুরুতর আহত হন।
এর জের ধরে দুই পক্ষ আবারও মুখোমুখি হলে ব্যাপক সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
Reporter Name 























