
রাকিবুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে মোট ৪৫ জন প্রার্থীর মধ্যে ২৯ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) ও শনিবার (৩ জানুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে এসব আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রথম দিন শুক্রবার যাচাই-বাছাইয়ে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ৫ জন এবং গাইবান্ধা-২ (সদর) আসনে ৩ জনসহ মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
দ্বিতীয় দিন শনিবার গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে ৩ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ১ জন এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে—
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ):
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাজেদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সালমা আক্তার ও মোস্তফা মহসিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রমজান আলী এবং জাতীয় পার্টির প্রার্থী মাহফুজুল হক সরদার।
গাইবান্ধা-২ (সদর):
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মিহির কুমার ঘোষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল মাজেদ এবং খেলাফত মজলিসের প্রার্থী একেএম গোলাম আযম।
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর):
জনতার দলের প্রার্থী মনজুরুল হক, স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান এবং এস এম খাদেমুল ইসলাম খুদি।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ):
স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দ।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি):
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী শ্রী নিরমল, গণঅধিকার পরিষদের প্রার্থী সামিউল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী সুজাউদ্দৌলা সাজু ও হাসান মেহেদী বিদ্যুৎ।
রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, মনোনয়নপত্রে ত্রুটি ও প্রয়োজনীয় কাগজপত্রের অসঙ্গতির কারণে এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীদের জন্য আপিলের সুযোগ রয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
Reporter Name 
























