
এফ. এম. এ. রাজ্জাক, খুলনা জেলা প্রতিনিধি :
পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডে অবস্থিত ফসিয়ার রহমান মহিলা কলেজের পেছনের গুরুত্বপূর্ণ সড়ক—ফসিয়ার রহমান সড়ক দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় পড়ে আছে। এলাকাবাসীর নিয়মিত চলাচলের জন্য ব্যবহৃত এই পৌর সড়কটি সংস্কারের অভাবে এখন জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় থাকলেও এখনো পর্যন্ত কোনো সংস্কার কাজ শুরু হয়নি। একাধিকবার পত্র-পত্রিকা ও অনলাইন মাধ্যমে সড়কটির বেহাল দশা তুলে ধরে সংবাদ প্রকাশিত হলেও সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙা ইট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বর্ষা মৌসুমে এসব গর্তে কাদাপানি জমে থাকায় পথচারী, মোটরসাইকেল ও ভ্যান চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। স্থানীয়দের ভাষ্যমতে, প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে, যা যে কোনো সময় বড় দুর্ঘটনায় রূপ নিতে পারে।
এলাকাবাসী জানান, এটি একটি জনবহুল এলাকা। আশপাশে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক ও বহু বসতবাড়ি। ফলে সড়কটির গুরুত্ব অত্যন্ত বেশি। অথচ বছরের পর বছর সংস্কারের অভাবে সড়কটি যেন পৌরসভার চরম অবহেলার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
ভুক্তভোগীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনা অনিবার্য। তারা অবিলম্বে পাইকগাছা পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে ফসিয়ার রহমান সড়কের সংস্কার কাজ শুরুর জোর দাবি জানিয়েছেন।
Reporter Name 






















