
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা: বরগুনার পাথরঘাটায় স্থানীয় রাজনৈতিক উত্তেজনার জেরে জামায়াতে ইসলামীর এক নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় সংঘটিত এ ঘটনায় নাসির উদ্দিন নামে ওই নেতার একটি পা ভেঙে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নাসির উদ্দিন ৫ নম্বর ওয়ার্ড বায়তুলমাল সম্পাদক এবং শাহজাহান মিয়ার ছেলে। এ হামলার জন্য অভিযুক্ত নুর আলম ফজলে করিমের ছেলে ও ইউনিয়ন বিএনপি’র কর্মী হিসেবে পরিচিত।
স্থানীয়রা জানান, মহিলা জামায়াতের কয়েকজন কর্মী নিয়মিত দাওয়াতি কার্যক্রমে বের হলে নুর আলম তাদের সঙ্গে অশালীন আচরণ করেন। বিষয়টি নাসির উদ্দিন জানতে পেরে ঘটনাস্থলে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে নুর আলম নাসিরের ওপর আকস্মিক হামলা চালালে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং তার ডান পা ভেঙে যায়।
আহত নাসির উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়। ঘটনার পর থেকেই নুর আলম এলাকা ছেড়ে পলাতক।
ঘটনার বিষয়ে পাথরঘাটা সদর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ছগীর হোসেন বলেন, ভাগ বিতান্ডর একপর্যায়ে নুর আলমের হামলার কথাই আমরা জেনেছি। এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অন্যদিকে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাসুদুল আলম বলেন, জামায়াতের প্রসার ও জনপ্রিয়তা কিছু মহল মেনে নিতে পারছে না। পরিকল্পিতভাবেই আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 
























