
স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা দাবি করেছেন, দল থেকে তাঁকে নিয়মিত ফোন করে মন্ত্রিত্বের প্রলোভন দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ দেওয়া হচ্ছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন,
‘সকাল-বিকেল দল থেকে ফোন আসে। বলা হয়— আসন ছেড়ে দিন, মন্ত্রিত্ব দেব।’
তিনি স্পষ্ট ভাষায় বলেন,
‘আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মন্ত্রিত্ব নয়, কোনো কিছুর বিনিময়েই আমি আমার এলাকার মানুষকে ছেড়ে যাব না।’
রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে রুমিন ফারহানা বলেন,
‘আমি রুমিন ফারহানা। আমার কোনো দলের প্রয়োজন নেই।’
বিএনপির সঙ্গে নিজের সম্পর্ক ও বহিষ্কারের প্রসঙ্গে তিনি বলেন,
‘বেগম খালেদা জিয়াই আমাকে রাজনীতিতে এনেছেন। তাঁর ভালোবাসা ও আশ্রয়েই আমি আজ এখানে। হাসপাতালে যাওয়ার আগে তিনি প্রশ্ন করেছিলেন— ২৩ নভেম্বর কেন আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। অথচ তাঁর মৃত্যুর পর আমাকে দল থেকে বহিষ্কার করা হলো।’
মতবিনিময় সভার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও বিতর্ক শুরু হয়।
এ সময় স্থানীয়দের পক্ষ থেকে তাঁকে একটি হাঁস উপহার দেওয়া হয়। পরে তিনি ঘোষণা দেন, আসন্ন নির্বাচনে তিনি হাঁস প্রতীক চেয়ে আবেদন করবেন।
উল্লেখ্য, দলের সিদ্ধান্ত অমান্য করে জোটপ্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
Reporter Name 























