
রানা খান, শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে খেলাফত মজলিসের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সাত্তারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীপুর উপজেলার বরমী বাজারে অবস্থিত বরমী জামিয়া আনওয়ারীয়া মাদ্রাসার হলরুমে উপজেলার বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আক্তারুজ্জামান শামীম ও শ্রীপুর উপজেলা ওলামা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরীফুল ইসলামের পরিচালনায় কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মাও. এস এম রুহুল আমীন, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক এস এম মাহফুল হাসান হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. আবু জাফর সরকার, গাজীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আফাজ উদ্দিন প্রধান, বরমী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাসুদ সরকার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন,বরমী জামিয়া আনওয়ারীয়া মাদ্রাসার মোহতামিম মুফতি আশেকে মোস্তফা, খেলাফত মজলিস শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছাত্তার, হেফাজতে ইসলামের শ্রীপুর উপজেলা সিনিয়র সহ সভাপতি মোশাররফ হোসেন, খেলাফত মজলিসের সদস্য ইকবাল হোসেনসহ আরও অনেকে।
এ সময় আব্দুস ছাত্তার বলেন, দীর্ঘ আন্দোলন ও রক্তক্ষয়ের মাধ্যমে স্বৈরাচার বিদায় হলেও আমাদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। যারা ইসলামী রাষ্ট্র কায়েমের কথা বলে, বাস্তবে তারা আলেম সমাজের পাশে নেই। তুলনা মূলক ভাবে বিএনপিই আলেম সমাজকে সবচেয়ে বেশি সম্মান দেয়। সে কারণেই আমরা অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির পতাকাতলে শামিল হয়েছি।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতির নেতৃত্বে অর্ধশতাধিক আলেম ও নেতাকর্মীর বিএনপিতে যোগদান সত্যিই আনন্দের। বিগত সরকারের আমলে আলেম সমাজ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে আলেম সমাজ রাষ্ট্রীয়ভাবে মর্যাদা ও সম্মান পাবে।
বিএনপিতে যোগদান কারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি প্রার্থী ডা.এসএম রফিকুল ইসলাম।
Reporter Name 























