
ভোলা প্রতিবেদক- ঐতিহ্যবাহী দ্বীপ জেলা ভোলায়, অদ্য ৬ ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকার সময়, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র যৌথ উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবীতে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মো. রায়হানুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত হয়। সেই বাহিনীই আজ আমাদের ভাই-বোনদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইন্টেরিম সরকারকে অবশ্যই এর জবাব দিতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করে যদি নির্বাচন দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তবে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে কোনো ক্ষমতার বৈধতা নেই।”
আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য কাজী সালমান বলেন, “প্রশাসনের ভেতর আওয়ামী দালালদের অপসারণ না করায় আমাদের ভাইদের রক্ত ঝরছে।” আপ বাংলাদেশের জহিরুদ্দীন বাবর বলেন, “জুলাই জজবার প্রাণ শহীদ শরীফ ওসমান হাদী আমাদের কাছে একজন আইকনিক হিরো। তার উত্তরসূরিদের ওপর ন্যাক্কারজনক হামলার মাধ্যমে ইন্টেরিম সরকার অদক্ষতার প্রমাণ দিয়েছেন।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের ভোলা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাওলানা শামসুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন এবং মো. আবিদ হাসান। এছাড়া, সদস্য হিসেবে উপস্থিত ছিলেন নাবিল মিহির, ফাহাদ, সা’দ এবং সোহেল সহ প্রমূখ।
Reporter Name 
























