
বিশেষ প্রতিবেদক: আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ও সর্বোচ্চ নজরদারির মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হলেও তার আগেই সকাল সাড়ে ৬টা থেকে সিলেট নগরীর অধিকাংশ ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়।
ভোটকেন্দ্র খোলার আগ থেকেই নারী-পুরুষ ভোটাররা কেন্দ্রে এসে উপস্থিত হন। শীত উপেক্ষা করে অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা যায় বিভিন্ন বয়সী ভোটারদের। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রের প্রবেশমুখে কড়া তল্লাশি ও পরিচয় যাচাই কার্যক্রম পরিচালনা করছেন।
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোটকেন্দ্র ও আশপাশ এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের টহল লক্ষ্য করা গেছে। কেন্দ্রগুলোতে পুলিশ, র্যাব, আনসার ও বিজিবির সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এখন পর্যন্ত সিলেট নগরীতে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
Reporter Name 























