
বিকাল বার্তা ডেস্ক: ঢাকা-৮ আসনের নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর দেওয়া অভিযোগপত্রে তিনি দাবি করেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার সমর্থকরা বিভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তার, ভোট রিগিং এবং ফলাফল প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন।
অভিযোগে আরও বলা হয়, একাধিক কেন্দ্রে বাতিল ঘোষিত ভোট ‘ধানের শীষ’ প্রতীকের অনুকূলে গণনায় যুক্ত করা হয়েছে। পাটওয়ারীর ভাষ্য, সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসাররা এসব অনিয়মে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন এবং নির্বাচনী আইন লঙ্ঘন করে অবৈধভাবে ফল ঘোষণা করা হয়েছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি ঢাকা-৮ আসনের ফলাফল স্থগিত রেখে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একইসঙ্গে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বাতিল ভোট বাদ দিয়ে পুনরায় গণনার মাধ্যমে সংশোধিত ফল প্রকাশের আহ্বান জানান তিনি। পুনঃগণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত নবনির্বাচিত প্রার্থীর শপথ অনুষ্ঠান স্থগিত রাখারও দাবি তোলেন এনসিপি প্রার্থী।
প্রসঙ্গত, বেসরকারি ফলাফলে ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।
Reporter Name 























