
জেলা প্রতিনিধি বরগুনা”‘ বরগুনা সদর উপজেলার ১০ নং নলটোনা ইউনিয়নের বাবুগঞ্জ বাজার এলাকায় সরকারি চলাচলের রাস্তা গাছ ফেলে বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য পনু মৃধা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবুগঞ্জ বাজারের উত্তর পাশের মূল সড়ক থেকে পুলিশ ফাঁড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি প্রায় ছয় মাস ধরে গাছ ফেলে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। রাস্তার পাশ দিয়ে কষ্ট করে পথচারীরা চলাচল করতে পারলেও কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না।
বাবুগঞ্জ বাজারের ইজারাদার শহীদ আকন অভিযোগ করে বলেন, “পনু মেম্বার ক্ষমতার প্রভাব খাটিয়ে রাস্তার ওপর গাছ রেখে চলাচল বন্ধ করে রেখেছেন। তাকে একাধিকবার গাছ সরাতে বললেও তিনি তা করেননি। আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।”
বাজার কমিটির সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট মো. শহিদুল ইসলাম বলেন, “তিনি গাছের ব্যবসা করেন। বিভিন্ন স্থান থেকে গাছ এনে সরকারি রাস্তার ওপর রেখে দিয়েছেন। দীর্ঘদিন ধরে বাজার কমিটি অনুরোধ করলেও গাছ সরানো হয়নি। বর্তমানে ইউপি সদস্য হওয়ায় তিনি ক্ষমতার দাপট দেখাচ্ছেন।”
এ বিষয়ে বাজার কমিটির সভাপতি ও ১০ নং নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান কে এম শফিকুজ্জামান মাহফুজ জানান, বিষয়টি তার জানা আছে এবং গাছ সরানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে, তবে এখনো তা কার্যকর হয়নি।
অভিযুক্ত ইউপি সদস্য পনু মৃধা বলেন, “আমি আগামীকাল গাছ সরিয়ে ফেলবো।” তবে স্থানীয়দের দাবি, এখনো গাছ অপসারণ করা হয়নি।
এ বিষয়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, “ব্যক্তিগত কাজে সরকারি রাস্তা বন্ধ করার কোনো বিধান নেই। রাস্তা মানুষের চলাচলের জন্য। বিষয়টি আমরা জেনেছি এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর দাবি, দ্রুত গাছ অপসারণ করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে যাতে কেউ সরকারি রাস্তা দখল বা বন্ধ করতে না পারে সে জন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।
Reporter Name 
























