
ভোলা প্রতিবেদক- পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোলা শহরে অসহায় ও পথচারী রোজাদারদের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কেজান মার্কেটের সামনে সংস্থার আয়োজনে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে পথচারী, শ্রমজীবী ও নিম্নআয়ের রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, রমজানের পবিত্রতা ও তাৎপর্য সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আমেনা খানম বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। আমরা চাই সমাজের অসহায় রোজাদাররা সম্মানের সাথে ইফতার করতে পারে। আমাদের এ ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
সংস্থার প্রধান উপদেষ্টা মোঃ হারুন অর-রশিদ বলেন, “আমরা সবসময় মানবিক কার্যক্রমে বিশ্বাসী। সমাজের বিত্তবানদের উচিত এমন মহৎ উদ্যোগে এগিয়ে আসা। আশা করি, এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।”
সংস্থার অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। সুশৃঙ্খলভাবে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং উপস্থিত রোজাদাররা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ও ভোলাবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার দপ্তর সম্পাদক মোঃ বাপ্পি, মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান, অর্থ সম্পাদক মোঃ নাহিম, ভোলা সদর উপজেলার কমিটি সভাপতি মোঃ ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার ফারিয়া, সাংগঠনিক সম্পাদক মোহনা, অর্থ সম্পাদক জাকিয়া সুলতানা আইভি, মহিলা বিষয়ক সম্পাদক পাপড়ি আক্তার সোনিয়া, কার্যনির্বাহী সদস্য বিবি ফাতেমা সীমা, সোনিয়া আক্তার ফারজানা, বর্ষা ও নাসরিন আক্তার প্রমূখ।
রমজানের পবিত্রতায় মানবতার বার্তা পৌঁছে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সংস্থাটি এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
Reporter Name 
























