
বিকাল বার্তা ডেস্ক: দেশের দীর্ঘদিনের রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে দ্রুত সময়ের মধ্যে এসব প্রতিষ্ঠান সচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে। এ ক্ষেত্রে বেসরকারি খাতকে সম্পৃক্ত করে টেকসই পরিচালন কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের বন্ধ ও লোকসানগ্রস্ত শিল্পকারখানা পুনরুজ্জীবিত করতে বদ্ধপরিকর। বিশেষ করে বন্ধ পাটশিল্প ও চিনি কারখানাগুলো চালুর মাধ্যমে পুরোনো শ্রমিকদের পুনর্বহাল এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বন্ধ ও রুগ্ন শিল্পপ্রতিষ্ঠান চালুর রূপরেখা তৈরির কাজ শুরু হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি ইতোমধ্যে প্রাথমিক কার্যক্রম শুরু করেছে।
সরকারের এই সিদ্ধান্তকে শিল্পখাত পুনরুদ্ধার এবং কর্মসংস্থান বৃদ্ধির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পর্যায়ক্রমে সম্ভাবনাময় শিল্পপ্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে পুনরায় উৎপাদনে ফেরানো হবে।
Reporter Name 























