
মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলা এলাকায় বাঙ্গী চাষে এ বছর সফলতার মুখ দেখছেন অনেক কৃষক। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে চাষ হওয়ায় উৎপাদন বেড়েছে এবং বাজারে ভালো দাম পাওয়ায় চাষীদের মুখে হাসি ফুটেছে।
এদিকে বরিশাল থেকে বাঙ্গী কিনতে এসেছেন ব্যবসায়ী মজিবুর হোসেন। তিনি জানান, তার এলাকায় বাঙ্গীর ব্যাপক চাহিদা রয়েছে। ভাঙ্গা থেকে বাঙ্গী সংগ্রহ করে নিয়ে গিয়ে তিনি ইতোমধ্যে বেশ মুনাফা অর্জন করেছেন। এখানকার বাঙ্গীর মান ও স্বাদ ভালো হওয়ায় বাজারে সহজেই বিক্রি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন জানান, চলতি মৌসুমে ভাঙ্গা উপজেলায় ৫৫ হেক্টর জমিতে বাঙ্গী চাষ করা হয়েছে, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৩০ হেক্টর। অর্থাৎ প্রত্যাশার চেয়ে অনেক বেশি জমিতে চাষাবাদ হয়েছে।
তিনি আরও বলেন, চুমুরদী ইউনিয়নের রাস্তার দুই পাশে বিস্তীর্ণ জমিতে বাঙ্গীর চাষ হয়েছে যা দেখলে যে কেউ অভিভূত হবেন। রোজাকে কেন্দ্র করে কৃষকরা পরিকল্পিতভাবে বাঙ্গী চাষ করেছেন এবং ভালো দাম পাচ্ছেন। কৃষকদের আধুনিক চাষাবাদ কৌশল শেখানো হয়েছে। মাঝেমধ্যে জাব পোকার আক্রমণ হলে করণীয় বিষয়েও পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি বিভাগ সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে দিকনির্দেশনা ও সহযোগিতা করে যাচ্ছে।
Reporter Name 






















