
ভোলা প্রতিবেদক- মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা-এর আয়োজনে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১১ ঘটিকার সময় ১নং রাজাপুর ইউনিয়নের জনতা বাজারের পশ্চিম পাশে সংলগ্ন ৪নং ওয়ার্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আয়োজিত এ উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও দুস্থ পরিবারের হাতে প্রয়োজনীয় ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রমজানের পবিত্রতায় যেন কোনো পরিবার অভাবের কারণে ইফতার থেকে বঞ্চিত না হয়— এই মানবিক লক্ষ্য নিয়েই তাদের এ আয়োজন। সমাজের বিত্তবান ও সচেতন মহল এগিয়ে এলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে বলেও তারা উল্লেখ করেন।
ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগী সেফাআলী বেগম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই সহায়তা তার পরিবারের জন্য অনেক স্বস্তি বয়ে এনেছে। তিনি সংগঠনের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক আমেনা খানম, মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান, উপজেলা কমিটির সভাপতি ফজলের রাব্বি, সদস্য ফাতেমা, সানজানা বর্ষা, আনাস রাহি, শাকিল ও আলামিন পালয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
স্থানীয় এলাকাবাসী সংগঠনের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে— এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন।
মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাকসুদুর রহমান সংগঠনের কার্যক্রম সম্পর্কে The Economist-কে জানান, “আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা বিশ্বাস করি, মানবিক দায়িত্ববোধ থেকেই একটি সুন্দর ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ, শীতবস্ত্র প্রদান, শিক্ষা উপকরণ সহায়তা এবং বিভিন্ন দুর্যোগে ত্রাণ কার্যক্রমের মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে, যাতে সমাজের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো যায়।”
Reporter Name 
























