
বিশেষ প্রতিবেদক: ঢাকা-৮ আসনে পরিকল্পিতভাবে ভোট কারচুপির চেষ্টা চলছে এমন অভিযোগ তুলে এনসিপি ও জামায়াতকে সরাসরি দায়ী করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তিনি দাবি করেন, সন্ধ্যার পর থেকে সংগঠিতভাবে বিভিন্ন কেন্দ্রে বহিরাগতদের ঢোকানো হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় শাহজাহানপুরে নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস বলেন, “সন্ধ্যা সাড়ে সাতটার পর থেকেই ঢাকা-৮ এর একাধিক কেন্দ্রে এনসিপি ও জামায়াতের কর্মীরা প্রবেশ করে ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। আমাদের কর্মীরা কয়েকটি কেন্দ্রে তাদের হাতে-নাতে ধরে ফেলেছে।”
তিনি অভিযোগ করেন, কিছু কেন্দ্রে বিএনপি সমর্থকদের বের করে দেওয়ারও চেষ্টা হয়েছে। “এটি সুপরিকল্পিত নীলনকশা। ভোটের ফলাফল প্রভাবিত করতেই এসব অপতৎপরতা,” যোগ করেন তিনি।
মির্জা আব্বাস আরও দাবি করেন, রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি ও ছাত্রাবাসে জামায়াত-শিবিরের সশস্ত্র কর্মীরা অবস্থান নিচ্ছে। এসব স্থান থেকে ভোটের দিন কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দ্রুত অভিযান চালিয়ে জড়িতদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান বিএনপির এ প্রার্থী।
তিনি বলেন, “প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করলে পরিস্থিতির অবনতি হতে পারে। আমরা শান্তিপূর্ণ ভোট চাই, কিন্তু কারচুপি মেনে নেব না।”
তবে এসব অভিযোগের বিষয়ে এনসিপি ও জামায়াতের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা খোঁজখবর নিচ্ছেন।
Reporter Name 
























