
মোহাম্মদ মাহাবুব আলম :
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় শহরের টিনপট্টি রোডের মোড়ে অবস্থিত জনপ্রিয় দই-মিষ্টির দোকান “কুমিল্লা সুইটস্”- এ ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে দোকানের প্রায় কয়েক লক্ষ টাকার মালামাল ও আসবাবপত্র নষ্ট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, দোকানের পরিচালক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক (৪৬), পিতা: মৃত আবুল কালাম, গ্রাম: তুলারডাঙ্গা, সদর উপজেলা, পঞ্চগড় — গত ৮ অক্টোবর ২০২৫ ইং তারিখে আনুমানিক দুপুর ২টার দিকে হঠাৎ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি দোকানে প্রবেশ করে নিজেদের মালিক পরিচয় দেয়। এরপর তারা দোকানের পরিচালক ও কর্মচারীদের ওপর চড়াও হয়ে দোকানের দই-মিষ্টি, শোকেস, ফ্রিজ, টেবিল-চেয়ারসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে।
এসময় দোকানের বিক্রির নগদ টাকা টেবিল থেকে হারিয়ে যায় বলেও পরিচালক তার লিখিত অভিযোগে উল্লেখ করেছেন। তিনি এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এরই ধারাবাহিকতায় আজ ২২ অক্টোবর ২০২৫ ইং তারিখ দুপুর ১২টার দিকে পঞ্চগড় হাট মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিতে দোকানের তালা খোলা হয়। তালা খোলার পর দেখা যায়, দোকানের ভেতরে ভাঙচুরের চিহ্ন এবং নষ্ট হয়ে যাওয়া দই-মিষ্টি ও অন্যান্য খাদ্যপণ্য পড়ে আছে। শোকেস, ফ্রিজ ও আসবাবপত্রসহ দোকানের অধিকাংশ জিনিসপত্রই সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
দোকানের তালা খোলার সময় স্থানীয় লোকজন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
দোকান পরিচালক আবু বক্কর সিদ্দিক গণমাধ্যমের কাছে বলেন,
“আমার দোকানের সবকিছু ভেঙে নষ্ট করে দিয়েছে। আমি প্রশাসনের কাছে এর ন্যায়বিচার চাই।”
এদিকে, এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ ও সমাধান প্রসঙ্গে জানতে চাইলে পঞ্চগড় হাট মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
Reporter Name 























