
মন্জুরুল আহসান শামীম
স্টাফ রিপোর্টারঃ পরিচয় জানতে মরিয়া পুলিশ, সাহায্যের আহ্বান রংপুরের কাউনিয়া উপজেলায় ১৭ অক্টোবর ২০২৫ ইং তারিখে এক নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে।
টেপামধুপুর ইউনিয়নের সদরা তালুক মৌজাস্থ কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে একটি ডোবা থেকে ৫৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ওই নারীকে নির্মমভাবে হত্যা করে লাশটি এখানে ফেলে দেওয়া হয়েছিল।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ডোবার পানি থেকে গলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাশের অবস্থা এতটাই খারাপ ছিল যে, গায়ের রং ও অন্যান্য বৈশিষ্ট্য স্পষ্টভাবে চেনা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর, উচ্চতা প্রায় ৫ ফুট। তাঁর চুল ছিল ছোট এবং কালো-সাদা মিশ্রিত। উদ্ধারকালে তাঁর গায়ে ছিল গোলাপি রঙের গোলগলা গেঞ্জি এবং সবুজ কাপড় পেচানো। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় কাউনিয়া থানায় হত্যা মামলা (নং ৫) রুজু করা হয়েছে, যার ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লাশের পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন থানা ও এলাকায় বার্তা পাঠানো হয়েছে। তিনি বলেন, “অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত হলে হত্যার রহস্য উদঘাটনে বড় ধরনের অগ্রগতি হবে। তদন্ত অব্যাহত রয়েছে।”
ওসি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন, কেউ যদি এই নারীর পরিচয় বা তাঁর আত্মীয়-স্বজন সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানেন, তাহলে দ্রুত কাউনিয়া থানায় যোগাযোগ করুন। আপনার একটি তথ্য হয়তো এই নৃশংস হত্যাকাণ্ডের জট খুলতে সাহায্য করতে পারে। অফিসার ইনচার্জ (ওসি), ০১৩২০-১৩১৫৬৩ ডিউটি অফিসার, কাউনিয়া থানা, রংপুর ০১৩২০-১৩১৬৬৮!
Reporter Name 























