
মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ খেলাধুলায় সতেজ হোক তারুণ্য! মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রংপুরের কাউনিয়ায় শুরু হলো “উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্ট–২০২৫”।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি ও তিস্তা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহ রাজু।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ক্রীড়াবিদ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা জোর দিয়ে বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। উপজেলা প্রশাসনের এই উদ্যোগ তরুণদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়দের দুর্দান্ত দক্ষতা, দলীয় সমন্বয় ও প্রতিযোগিতামূলক মনোভাব মুগ্ধ করেছে দর্শকদের। পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছিল করতালিতে।
Reporter Name 























