
স্টাফ রিপোর্টার-
ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ৬ নভেম্বর (বৃহস্পতিবার) মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার সদস্যরা ভোলা সদর উপজেলার ১০নং ভেলুমিয়া বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন উক্ত এলাকায় মাদক লেনদেন চলছে। খবর পেয়ে কোস্ট গার্ডের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে প্রায় ২৫ পিস ইয়াবা (মূল্য প্রায় ১২ হাজার ৫০০/- টাকা) ও ১৫০ গ্রাম গাঁজা (মূল্য প্রায় ৪ হাজার ৫০০/- টাকা) উদ্ধার করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ী চন্দ্র প্রসাদ গ্রামের মোঃ মোকলেছ খন্দকার এর ছেলে হানিফ খন্দকার।
অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক মাদক ব্যবসায়ীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড বেইস ভোলার লেঃ বিএন কমান্ডার মোঃ আবুল কাশেম প্রেসবিজ্ঞপ্তিতে জানান, দেশের উপকূলীয় অঞ্চলে মাদক পাচার ও অবৈধ কর্মকাণ্ড রোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসতেছে। তিনি আরও জানান, “মাদক আমাদের সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। বাংলাদেশ কোস্ট গার্ড মাদকমুক্ত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ, ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
স্থানীয়রা কোস্ট গার্ডের এ সফল অভিযানের প্রশংসা জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করলে এলাকায় মাদক ব্যবসা অনেকাংশে কমে আসবে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, মাদক পাচার, জলদস্যুতা ও অন্যান্য অবৈধ কার্যক্রম দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 






















