
জকিগঞ্জ (সিলেট), প্রতিনিধি।
সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর একটি গুরুত্বপূর্ণ ডাইক মেরামতের কাজ করতে গিয়ে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাধার সম্মুখীন হয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ।
সীমান্ত থেকে ১৫০ গজের মধ্যে ডাইকটি অবস্থিত হওয়ায় এই বাধা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ফলে কাজ বন্ধ রয়েছে এবং এলাকার মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
জানা যায়, জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাপনা এলাকায় কুশিয়ারা নদীর ডাইক মেরামতের কাজ আজ (৬ নভেম্বর) সকাল ৯ ঘটিকায় শুরু করা হয়। কাজ শুরু হওয়ার পরই ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ এসে তাতে বাধা দেয় এবং কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়।
এ বিষয়ে লোহারমল ক্যাম্পের নায়েক সুবেদার সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ডাইকটি সীমান্তের দেড়শো গজের (১৫০ গজ) ভিতরে হওয়ায় বিএসএফ বারবার এতে বাধা দিচ্ছে।”
তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে ডাইক মেরামতের কাজ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।
নদীভাঙন ও বন্যার ঝুঁকি কমাতে এই ডাইকটি মেরামত করা স্থানীয়দের জন্য অত্যন্ত জরুরি। কাজ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা দ্রুততম সময়ের মধ্যে কূটনৈতিক প্রক্রিয়ায় এর সমাধান আশা করছেন।
Reporter Name 





















