
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় টিকিট কালোবাজারির অভিযোগে আদনান নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে ফাঁড়ি পুলিশ। আটক ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকায়। রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় স্টেশন এলাকায় টিকিট বিক্রির অনিয়মের অভিযোগে তাকে আটক করা হয়।
ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালনা পরিষদের সদস্য মোঃ সাবের হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংগঠনের কয়েকজন সদস্যকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছে—আমরা চাই আইন অনুযায়ী তার যথাযথ বিচার হোক। আমাদের টিকিট কালোবাজারি বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
সংগঠনের পরিচালনা পরিষদের সদস্য শেখ আরিফ বিল্লাহ আজিজি বলেন, “টিকিট কালোবাজারির বিরুদ্ধে অভিযান নিয়মিত চলছে। তবে অনেকেই দ্রুত জামিনে বের হয়ে আসে—এটি হতাশার বিষয়।”
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ জানান, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিয়মিত মামলায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা টিকিট কালোবাজারি বন্ধে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার কথা জানান।
Reporter Name 






















