
মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খান বলেছেন, তিনি এমপি নির্বাচিত হলে দলের সিদ্ধান্তের চেয়ে জনগণের স্বার্থকেই সর্বাগ্রে প্রাধান্য দেবেন। তিনি জোর দিয়ে বলেন মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
উপাধ্যক্ষ এটিএম আজম খান প্রতিশ্রুতি দেন যে, যদি তিনি জনগণের সেবা করার সুযোগ পান, তবে কাউনিয়া–পীরগাছা উপজেলার উন্নয়ন, শিক্ষার অগ্রগতি, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা, রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট তৈরি এবং ন্যায়-নীতিনিষ্ঠ সমাজ গঠনে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখবেন।
ঢাকার মিরপুর উত্তর পেশাজীবী শাখার আমির ইঞ্জিনিয়ার মো. খোরশেদ আলমের সভাপতিত্বে কাউনিয়া বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুস সালাম সরকার, নায়েবে আমীর শেখ নজরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফজলুর রহমান ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এটিএম আজম খানকে বিজয়ী করার জন্য তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় তাঁরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, উক্ত আদেশের ওপর আগে গণভোট এবং পরে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়নেরও আহ্বান জানান।
Reporter Name 























