
মো: শুকুর আলী, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে এক লক্ষ টাকা জরিমানা আদায়সহ ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় ও সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আদিত্য পাল।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই সরকারি অনুমোদনহীনভাবে কৃষি জমি ও বসতবাড়ির নিকট স্থাপিত পরিবেশবিনাশী ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স এ.আর.বি ব্রিকস, বুড়িস্থল, সদর, সুনামগঞ্জ নামীয় ইটভাটাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়।
এছাড়াও অভিযানে অংশগ্রহণকারী সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয় এবং এক্সকেভেটরের মাধ্যমে কাঁচা ইট ধ্বংস করা হয়। একই সঙ্গে ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক সাইফুল ইসলাম।
অভিযান পরিচালনায় সার্বিক সহায়তা করেন সুনামগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সুনামগঞ্জ সদর থানা পুলিশের সদস্যবৃন্দ।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন,
“পরিবেশ রক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।”
Reporter Name 





















