
মোহাম্মদ মাহাবুব আলম,পঞ্চগড় জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (সদর-তেঁতুলিয়া-আটোয়ারী) আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মনোনীত প্রার্থী মোঃ আব্দুল ওয়াদুদ (বাদশা)।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক এর কার্যালয়ে তিনি তার এই মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে দাখিল করেন। এ সময় তার সাথে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মোঃ আব্দুল ওয়াদুদ (বাদশা) জানান, তিনি ‘একতারা’ প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামছেন। এলাকার উন্নয়ন এবং শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তিনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন।
গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে আব্দুল ওয়াদুদ বাদশা বলেন: আমি পঞ্চগড়-১ আসনের মাটি ও মানুষের প্রতিনিধি হতে চাই। বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) একটি উদার ও জনকল্যাণমুখী রাজনৈতিক দল। ইনশাআল্লাহ, এলাকার মানুষ যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তবে আমি পঞ্চগড়-১ আসনকে একটি আদর্শ ও মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তুলব।
পঞ্চগড়-১ আসনে হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) এই প্রার্থীর অংশগ্রহণ নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে ‘একতারা’ প্রতীক নিয়ে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মাঝে আব্দুল ওয়াদুদ বাদশার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বলে দাবি করছেন তার সমর্থকরা।
প্রার্থীর পরিচিতি:
* প্রার্থীর নাম: মোঃ আব্দুল ওয়াদুদ (বাদশা)
* আসন: পঞ্চগড়-১
* রাজনৈতিক দল: বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) সভাপতি পঞ্চগড় জেলা ও কেন্দ্রীয় সদস্য
* নির্বাচনী প্রতীক: একতারা
Reporter Name 























