
মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরের কাউনিয়ায় মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা চালিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার টেপামধুপুর হাটে সাধারণ মানুষের মাঝে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসনের এই কার্যক্রমে সরাসরি নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। তিনি হাটের বিভিন্ন পয়েন্টে গিয়ে সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের সাথে সরাসরি কথা বলেন এবং গণভোটের গুরুত্ব ও ভোট প্রদানের সঠিক নিয়ম নিয়ে আলোচনা করেন। এ সময় সাধারণ মানুষের মাঝে গণভোট সংক্রান্ত সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
প্রচারণাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, “গণভোট নাগরিকের একটি শক্তিশালী গণতান্ত্রিক অধিকার। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জনগণের প্রত্যক্ষ মতামত প্রতিফলিত হয় এই প্রক্রিয়ায়। কোনো প্রকার ভয়-ভীতি বা গুজবে কান না দিয়ে সাধারণ মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিতে উপজেলা প্রশাসন কাজ করছে।” তিনি আসন্ন নির্বাচনে নির্ধারিত দিনে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
প্রচারণা চলাকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই জনবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হাটে আসা সাধারণ মানুষ। তারা জানান, প্রশাসনের সরাসরি প্রচারণার ফলে গণভোটের প্রক্রিয়া সম্পর্কে তাদের ধারণা আরও স্পষ্ট হয়েছে।
Reporter Name 























