
মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর–৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে নির্বাচনি হাওয়া বইতে শুরু করেছে। সোমবার প্রতীক বরাদ্দের পর এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এমদাদুল হক ভরসা ‘ধানের শীষ’ প্রতীক পাওয়ায় কাউনিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার সকালে কাউনিয়া উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা সদরে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে ধানের শীষ প্রতীক সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায় এবং পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
উপজেলা সদরের পাশাপাশি উপজেলার হারাগাছ, টেপামধুপুর, শহীদবাগ, কুর্শা ও সারাইসহ প্রতিটি ইউনিয়নে পৃথক পৃথক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসব মিছিলে সাধারণ ভোটার ও দলীয় সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি বলেন, “ধানের শীষ কেবল একটি প্রতীক নয়, এটি এদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। দীর্ঘদিন ধরে এদেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার ব্যালটের মাধ্যমেই তারা সেই অধিকার পুনরুদ্ধার করবে।”
তিনি আরও বলেন, “আলহাজ্ব এমদাদুল হক ভরসা একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব নেতা। তার সুযোগ্য নেতৃত্বে এই অবহেলিত জনপদ একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে পরিণত হবে। আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।”
বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে প্রতিটি ইউনিয়নে আনন্দ মিছিলগুলো অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সাধারণ ভোটারদের মাঝেও ধানের শীষ প্রতীক নিয়ে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে
Reporter Name 























