
মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ সব কথা, সবার কথা এই মূলমন্ত্রকে ধারণ করে রংপুরের কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জিন্না চম্পা ফাউন্ডেশন হলরুমে এক আলোচনা সভা ও প্রীতি সম্মিলনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি ও কাউনিয়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক আমিনুল ইসলামের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি শাহ রাজু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ওসি নজমুল হক বলেন, “গণমাধ্যম হলো সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। চ্যানেল এস সূচনালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে গ্রামীণ জনপদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে এই চ্যানেলটির ভূমিকা প্রশংসনীয়। আমরা আশা করি, ভবিষ্যতেও তারা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি সারওয়ার আলম মুকুল, সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মিন্টু, সহ-সভাপতি জসিম সরকার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আহসান শামীম। এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়, সহ সভাপতি আকরাম হোসেন অরেঞ্জ ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।
বক্তারা বলেন, বর্তমান সময়ে দ্রুত সংবাদের ভিড়ে সঠিক ও নির্ভুল তথ্য পৌঁছে দেওয়া একটি বড় চ্যালেঞ্জ। চ্যানেল এস সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে সাহসিকতার সাথে সংবাদ প্রচার করে যাচ্ছে। মফস্বল সাংবাদিকতাকে গুরুত্ব দিয়ে তারা সাধারণ মানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছে।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দকে সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আয়োজকরা। এসময় উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে এক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Reporter Name 























