
ভোলা প্রতিবেদক:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় অদ্য শনিবার ৭ ফেব্রুয়ারি (০২ ফেব্রুয়ারি ২০২৬) নৌবাহিনীর মোতায়েনকৃত কন্টিনজেন্ট পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা করে অবৈধ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ মোট ২ জনকে আটক করতে সক্ষম হয়।
নৌবাহিনী সূত্র জানায়, ভোলা সদরে মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে ভোলা জেলার ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বরকন্দাজ জামে মসজিদ সংলগ্ন একটি টিনের বাড়ি থেকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী জামাল উদ্দিন ওরফে সকেট জামাল-এর ঘনিষ্ঠ সহযোগী সেলিম কাজী ও মো. হাসানকে আটক করা হয়।
এসময় তল্লাশি চালিয়ে একটি একনলা দেশীয় পাইপগান, একটি একনলা বন্দুক, ২টি দেশীয় অস্ত্র, ৩ রাউন্ড শর্টগানের কার্তুজ, ১২ রাউন্ড তাজা গোলা এবং একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়।
অপরদিকে, মহেশখালীতে মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট কালারমারছড়া ইউনিয়নের পানেরছড়া এলাকার একটি বাড়িতে পৃথক অভিযান পরিচালনা করে। সেখানে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি তাজা কার্তুজ এবং ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী আরও জানায়, দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদক, সন্ত্রাস ও সকল ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নৌবাহিনীর পাঁচ হাজারেরও বেশি সদস্য মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।
Reporter Name 






















