
বিশেষ প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংকটে পড়া পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি বলেছেন, ব্যাংকগুলো থেকে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনা হবে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে গভর্নরের কার্যালয়ে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংক-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, ব্যাংকগুলোর বর্তমান আর্থিক পরিস্থিতি পর্যালোচনা, একীভূতকরণ-পরবর্তী কার্যক্রমের অগ্রগতি এবং গ্রাহকসেবা স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
গভর্নর জানান, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। বর্তমান পরিচালনা পর্ষদ বহাল থাকবে এবং একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আওতাধীন সচল কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম চালু রাখার উদ্যোগ নেওয়া হবে। বিদেশি বকেয়া থাকলে তা পরিশোধের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, গভর্নরের এই অবস্থানের ফলে পাঁচ ব্যাংক একীভূতকরণ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা অনেকটাই কেটে গেছে।
এর আগে গত রবিবার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতেও একই বার্তা দেন গভর্নর। তিনি স্পষ্ট করেন, ব্যাংক খাতের চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে এবং কোনো রাজনৈতিক চাপের কাছে নতিস্বীকার করা হবে না।
এ ছাড়া বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়া এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক-কে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করে অন্তর্বর্তী সরকার।
Reporter Name 























