
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
বাংলাদেশসহ বিশ্বজুড়ে সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ এবং মানবতার সেবায় নিয়োজিত সকল স্বেচ্ছাসেবীদের হৃদয়স্থল থেকে পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি ভালোবাসা, ক্ষমা ও ত্যাগের এক মহিমান্বিত বার্তা বহন করে। পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির পাশাপাশি সমাজের গরীব ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই নিহিত রয়েছে ঈদের প্রকৃত সৌন্দর্য।
পবিত্র ঈদের আনন্দকে নির্বিঘ্ন, নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে যারা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, যেমন- পুলিশ-প্রশাসন, সশস্ত্র বাহিনী, বিজিবি, র্যাব, আনসার, স্বাস্থ্যসেবা এবং সড়ক ও রেল খাতের সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি গভীর শ্রদ্ধা, আন্তরিক কৃতজ্ঞতা ও অকৃত্রিম ভালোবাসা। তাঁদের আত্মত্যাগ, নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা নিশ্চিন্তে, স্বস্তিতে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারি।
একই সঙ্গে পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা সম্মানিত হাফেজ ও আলেম-উলামাদের, যারা পুরো পবিত্র রমজান মাসজুড়ে তারাবী নামাজে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আমাদের হৃদয়কে আলোকিত করেছেন। আপনাদের সুমধুর তিলাওয়াত, ধৈর্য, একনিষ্ঠতা এবং মুসলিম উম্মাহর কল্যাণে আন্তরিক দোয়া আমাদের ঈমানকে করেছে আরও দৃঢ় ও পরিশুদ্ধ। ঈদের জামাতে ইমামতি করে এই পবিত্র দিনটিকে আরও তাৎপর্যময় করে তোলার জন্য আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও দোয়া।
পাশাপাশি, প্রবাসে অবস্থানরত সকল রেমিট্যান্স যোদ্ধাদের প্রতিও বিশেষ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। তাঁদের কঠোর পরিশ্রম, ত্যাগ ও অবদানের বিনিময়ে প্রিয়জনদের মুখে যে হাসি ফুটে ওঠে, তা আমাদের জন্য গর্ব, প্রেরণা ও ভালোবাসার এক অনন্য উৎস।
এছাড়াও যারা অসুস্থ হয়ে হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় কষ্টে দিন কাটাচ্ছেন এবং যাঁদের পরিবার ঈদের আনন্দের পরিবর্তে উদ্বেগ ও অশ্রুসিক্ত সময় পার করছেন, তাঁদেরকে গভীর সহমর্মিতা, আন্তরিক শুভেচ্ছা এবং তাদের দ্রুত সুস্থতা কামনা।
আসুন, সব ভেদাভেদ ভুলে গিয়ে হিংসা-বিদ্বেষ পরিহার করি এবং মানবতার বন্ধনে সবাই একত্রিত হই। বিপদ-আপদে একে অপরের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিই।
আসুন, এবারের ঈদ হোক মানবতার প্রতি এক দৃঢ় অঙ্গীকারের প্রতীক। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বেওয়ারিশ লাশের দাফন সম্মানের সঙ্গে সম্পন্ন করা ও অজ্ঞাত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং তাঁদের সুস্থতার জন্য আন্তরিক দোয়া করা। এসব মানবিক দায়িত্ব পালনের মাধ্যমে আমরা গড়ে তুলি এক উজ্জ্বল দৃষ্টান্ত।
ব্রাহ্মণবাড়িয়া জেলার একমাত্র বেওয়ারিশ লাশ দাফন ও অজ্ঞাত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর পক্ষ থেকে সর্বসাধারণকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।
Reporter Name 
























