
বিশেষ প্রতিবেদক : পবিত্র শবে বরাত উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা এবং সারাদেশে শান্তিপূর্ণভাবে ইবাদত-বন্দেগি সম্পন্ন নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২ ফেব্রুয়ারি) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।
তিনি বলেন, শবে বরাত উপলক্ষে মুসল্লিরা দেশব্যাপী নফল নামাজ, জিকির ও ইবাদতের মাধ্যমে রাতটি পালন করবেন। এ উপলক্ষে কোনো ধরনের বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা বা নিরাপত্তা ঝুঁকি এড়াতে র্যাব ফোর্সেস অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ মসজিদ ও মাজারকেন্দ্রিক এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৩ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠপর্যায়ে সক্রিয় থাকবে র্যাব।
উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী আরও জানান, ঢাকাসহ সারাদেশে ইউনিফর্মধারী টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় স্ট্যাটিক ও মোবাইল ফোর্স মোতায়েনের পাশাপাশি স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া শবে বরাতকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও ধর্মবিরোধী গুজব কিংবা অপপ্রচার রোধে র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে কোনো ব্যক্তি বা স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলেও জানান তিনি।
শবে বরাত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপন নিশ্চিত করতে র্যাব ফোর্সেসসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে বলে জানানো হয়।
এ সময় কোনো ধরনের বিশৃঙ্খলা বা সন্দেহজনক পরিস্থিতি পরিলক্ষিত হলে র্যাবের কন্ট্রোল রুমের নম্বর ০১৭৭৭৭২০০২৯-এ যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দেশের সব স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছে র্যাব।
Reporter Name 
























