
মোঃ মুজিবুর রহমান মল্লিক,স্টাফ রিপোর্টার,জাতীয় বিকাল বার্তা: দেশের ছয়টি সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে বিএনপির ছয় নেতাকে দায়িত্ব দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কর্পোরেশন গঠিত না হওয়া বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন জানান, ২০২৪ সালের অধ্যাদেশ অনুযায়ী ব্যক্তি পর্যায়ে এ ছয়জনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর প্রশাসক হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোঃ আব্দুস সালাম। তিনি একসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ছিলেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রধান নির্বাচনীয় এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা মোঃ শফিকুল ইসলাম খান। তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনে বিএনপির প্রার্থী ছিলেন এবং জামায়াত প্রার্থীর কাছে পরাজিত হন।
খুলনা সিটি কর্পোরেশন।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু-কে খুলনা সিটি কর্পোরেশন-এর প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। এবারের নির্বাচনেও একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াত প্রার্থীর কাছে পরাজিত হন।
সিলেট সিটি কর্পোরেশন।
সিলেট সিটি কর্পোরেশন-এর প্রশাসক হয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি এবারের নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলীয় মনোনয়ন না পেয়ে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপির নির্বাচন সমন্বয়কের দায়িত্ব পান।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এর প্রশাসকের দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক মোঃ শাখাত হোসেন খান। তিনি ২০১৬ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এবারের জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় মনোনয়ন চেয়েও পাননি।
গাজীপুর সিটি কর্পোরেশন।
গাজীপুর সিটি কর্পোরেশন-এর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার। তিনি গত সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ১৯ আগস্ট দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে এখন স্থানীয় সরকার নির্বাচনের বিষয়েও আলোচনা শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার ব্যবস্থায় প্রশাসক নিয়োগের এ সিদ্ধান্ত ভবিষ্যৎ সিটি কর্পোরেশন নির্বাচন ও তৃণমূল রাজনীতিতে প্রভাব ফেলতে পারে।
Reporter Name 
























